মৌলভীবাজারে নির্বাচনকালে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজারে নির্বাচনকালে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি বুধবার। শহরের জাতীয় মহিলা সংস্থার হলরুমে এ সেমিনারের আয়োজন করে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট। আঞ্চলিক তথ্য অফিস, সিলেট এর পরিচালক মো. আকিকুর রেজার সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা এবং পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন (পিপিএম)।
সেমিনারে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে বক্তারা নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন- নির্বাচন ও গণভোটের সময় দায়িত্বশীল সাংবাদিকতা জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপপ্রচার রোধ এবং সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।
বক্তারা বলেন, নির্বাচনকালীন সাংবাদিকতা শুধু খবর পরিবেশন নয়, বরং গণতন্ত্রকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সঠিক, নিরপেক্ষ ও যাচাই করা তথ্য প্রকাশের মাধ্যমে গণমাধ্যম নির্বাচন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *