ঈদুল আজহার পর কঠোর আন্দোলনের জন্য দেশের সব সরকারি কর্মচারীকে প্রস্তুতির আহবান

ঈদুল আজহার পর কঠোর আন্দোলনের জন্য দেশের সব সরকারি কর্মচারীকে প্রস্তুতির আহবান

সুরমার ঢেউ সংবাদ :: ঈদের পর কঠোর আন্দোলনের জন্য দেশের সব সরকারি কর্মচারীকে প্রস্তুতির আহবান জানিয়েছে আন্দোলনকারী কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ- ২০২৫’ বাতিলের দাবিতে ২ জুন সোমবার অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। উপদেষ্টারা উপস্থিত না থাকায় তাদের দপ্তরে স্মারকলিপি জমা দেয়া হয়। স্মারকলিপি জমা দেয়ার পূর্বে আন্দোলনকারীরা বিক্ষোভ করেন। এসময় ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
কঠোর আন্দোলনে এবার দেশের সকল সরকারি চাকরিজীবীদেরকে অন্তর্ভুক্ত করতে চায় আন্দোলনকারী কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। ওই ফোরামের পক্ষ থেকে দেশের সকল সরকারি কর্মচারীকে প্রস্তুত হবার আহবান জানানো হয়।
এর আগে রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবিরের কাছে স্মারকলিপি দেন কর্মচারী ইউনিয়ন নেতা নূরুল ইসলাম ও নজরুল ইসলাম। পরে উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা।
বৈঠক শেষে উপদেষ্টা বলেন- এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে। আপনাদের অবস্থান হচ্ছে এটা বাতিল করে দিতে হবে। বাতিল করার দাবি জানিয়ে আপনাদের যে বক্তব্য, সেটা উপদেষ্টা পরিষদে আমি আলাপ করব। এসময় কর্মচারী ইউনিয়নের নেতাদের দাবির বিষয়ে অনড় না থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ- ২০২৫’ বাতিলের দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলন চলাবস্থায়ই অধ্যাদেশটি জারি করে সরকার। এরপর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *