সিকৃবির ১০ শিক্ষক এডি সায়েন্টিফিক ইনডেক্স গবেষণায় সেরা

সিকৃবির ১০ শিক্ষক এডি সায়েন্টিফিক ইনডেক্স গবেষণায় সেরা

সুরমার ঢেউ সংবাদ :: সিকৃবি (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়) এর ১৮৯ জন গবেষক এডি (অ্যালপার ডগার) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিংয়ে বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। এর মধ্যে সেরা দশ গবেষকের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়টির ১০ শিক্ষক। সম্প্রতি প্রকাশিত এডি (অ্যালপার ডগার) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২৪ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন তারা।
এ তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন এক্যুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মোঃ সাখাওয়াত হোসেন। এর পরেই যথাক্রমে রয়েছেন কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান, জলজ সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মাছুদুর রহমান, এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মোঃ বাশির উদ্দিন, কীটতত্ব বিভাগের অধ্যাপক ড. চন্দ্রকান্ত দাশ, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ড. রানা রায়, কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা সামছুজ্জামান এবং ফার্মাসিউটিক্যালস ও ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান ।
আন্তর্জাতিক মানের এ সূচকটির ওয়েবসাইটের তথ্যমতে, গবেষকদের মোট ১৪ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং এর সর্বশেষ তালিকায় বাংলাদেশের ১৬ হাজার ৬৪২ জন গবেষক স্থান পেয়েছেন। যার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ১০ এ স্থান পেয়েছেন সিকৃবির বিভিন্ন বিভাগের ১০ জন শিক্ষক । সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ছয় বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র‌্যাঙ্কিং করা হয়েছে।
প্রসঙ্গত, এডি সায়েন্টিফিক ইনডেক্স হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, যা বৈজ্ঞানিক গবেষণা, প্রকাশনা এবং গবেষকদের উদ্ভাবনী দক্ষতার উপর ভিত্তি করে র‌্যাংকিং নির্ধারণ করে। গবেষকদের এইচ-ইনডেক্স, আই-ইনডেক্স এবং গুগল স্কলারের মাধ্যমে প্রকাশিত নিবন্ধ ও গবেষণাপত্রের সাইটেশনসহ বিভিন্ন সূচক পর্যালোচনা করা হয় এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *