সুরমার ঢেউ সংবাদ : এবার মহিলা ফুটবল বিশ্বকাপ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। রাগবি আর ক্রিকেটের পূণ্যভূমিতে এবার ফুটবলের দামামা বেজে উঠল। ফিফার কাছ থেকে ৩ জুলাই শুক্রবার দারুন এক উপহার পেল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফুটবল ভক্তরা। প্রতিবেশী দেশ দুটি পেয়েছে ২০২৩ সালে মহিলা বিশ্বকাপের আয়োজক স্বত্ব। সুইজারল্যান্ডের লুসানে ফিফা সদর দপ্তর থেকে সকালে এ ঘোষণা আসার পর আবেগে আপ্লুত হয়ে পড়ে দুই দেশের অবহেলিত খেলোয়াড় ও সমর্থকরা।
নিজের অশ্রুসিক্ত চোখের ছবিসহ এক টুইটার বার্তায় নিউজিল্যান্ডের অধিনায়ক আলি রিলে বলেন, ‘এ মুহুর্তটি আমি কখনো ভুলবোনা’। অস্ট্রেলিয়া নারী ফুটবল দলের অধিনায়ক স্যাম কের নিজের গোল উদযাপনের চিরচেনা সেই ফুটেজ পোস্ট করে লিখেছেন, ‘নিজেদের মাটিতে খেলতে পারা স্বপ্ন সত্যি হবার মতো। নারীদের ফুটবলে আমরা ভালো উন্নতি অর্জন করেছি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এ খেলাটিকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে’।
নিউজিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী এন্ডি প্রাগনিল এএফপিকে বলেন, ‘আমি ঘুমাইনি। আমাকে আরো একটি রাত এভাবে কাটাতে হবে। যদিও অনেক মুল্যবান অর্জন।’ একে ‘সুসময়ের কফি’ হিসেবে অবিহিত করেন তিনি। এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন প্রতিশ্রুতি দিয়েছেন, টুর্নামেন্টের ৯ম এ আসরটি হবে এ যাবৎকালের সেরা। এক বিবিৃতিতে তিনি বলেন, ‘এটি হবে ঐতিহাসিক এক টুর্নামেন্ট- যা এক অনন্য উদাহরণ হয়ে থাকবে এশিয়া মহাসাগরীয় অঞ্চল ও এর বাইরে নারী ফুটবলের জন্য’।

